সাবেক ডিআইজি মিজান ও বাছিরের আদালতে আত্মপক্ষ সমর্থন
ঘুষ লেনদেনের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির আত্মপক্ষ সমর্থনে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।
তারা উল্লেখ করেছেন, ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তাদের বক্তব্য আমলে নিয়ে ঢাকা বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আগামী ২৪ জানুয়ারি যুক্তিতর্ক শুরুর তারিখ নির্ধারণ করেছেন।
রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার পরে আদালত অভিযোগপত্র পড়ে শোনালে গত ৩ জানুয়ারি উভয় আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।
গত বছরের ১৮ মার্চ আদালত এই মামলার চার্জ গঠন করেছিলেন। ওই বছরের ১৬ মার্চ ৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।