চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-আজিজুর রহমান (২৩), সোহেল রানা (৩১) ও মোহাম্মদ রাসেল (৩০)।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির অভিযোগে কোতোয়ালি থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআই মোমিনুল জানান, গ্রেপ্তার ৩ জন মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

গত ১৫ মার্চ তারা লালখান বাজারের ইস্পাহানি পুলিশ বক্স এলাকার রাস্তা থেকে ১টি মোটরসাইকেল চুরি করে।

ওই ঘটনায় করা মামলার তদন্তকালে পুলিশ তাদের সম্পৃক্ততা খুঁজে পায়। পরে রাঙ্গুনিয়া উপজেলায় আজিজুরের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আজিজুরের দেওয়া তথ্য অনুযায়ী সোহেলকে একই উপজেলা ও রাসেলকে পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে লালখান এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি এবং অপর আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।