চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা: ৭ জনের যাবজ্জীবন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মী মামুনুর রশিদ সাগরকে (২৬) কুপিয়ে হত্যার দায়ে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আ ক ম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।
আদালত তাদের সব রেকর্ড ও সাক্ষ্য পর্যবেক্ষণ শেষে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আইয়ুব খান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আজম, ফারুক ওরফে আশিক, আলী আজগর ওরফে হৃদয়, মো. ওমর উদ্দিন, সওকত হোসেন, এস এম আশরাফুল আলম সুমন ও মো. পারভেজ। ঘটনার পর থেকে আসামিদের মধ্যে এস এম আশরাফুল ও পারভেজ পলাতক রয়েছেন।
অ্যাডভোকেট আইয়ুব খান বলেন, আদালত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া আব্দুল আজিজ নামে আরও একজনকে কুপিয়ে হত্যার দায়ে ওমর উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। উভয় শাস্তি একই সময়ে কার্যকর করা হবে বলেও জানান তিনি।
প্রায় ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর কর্ণফুলীর শাহমিরপুরে ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ সাগরকে (২৬) কুপিয়ে হত্যা করে একদল যুবক। এ ব্যাপারে ভিকটিম ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ পরে মামলাটি তদন্ত করে এবং ২০১৯ সালের ৩ মার্চ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। চট্টগ্রামের একটি আদালত ২০২১ সালের ৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।