চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। পুলিশ বলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শান্তিরহাট বুদপুরা বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. সোহেল (৩৫) বুদপুরা এলাকার বাসিন্দা এবং এজহার মিয়ার ছেলে। আহতরা হলেন- মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদীন (৩৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে এক ব্যক্তি রাত সাড়ে ১১টার দিকে বুদপুরা বাজারে ৪ জনকে ছুরিকাঘাত করে আহত করে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।