চট্টগ্রামে ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
চট্টগ্রামে খোলা ড্রেনে পড়ে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়ার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ রোববার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৫ নভেম্বর মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক), চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশন এবং শিক্ষার্থীর মামা জাহিদ উদ্দিন বেলালের পক্ষে আইনজীবী অনিক আর হক হাইকোর্টে এ রিট দায়ের করেন।
দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হাইকোর্টকে অনুরোধ করেন আবেদনকারীরা।
তারা আবেদনে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের অবহেলায় সাদিয়ার মৃত্যু হয়েছে।
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের আগ্রাবাদে বাদামতলী এলাকায় রাস্তার পাশে খোলা ড্রেনে পড়ে নিহত হন সেহরীন মাহবুব সাদিয়া (১৯)। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।