চট্টগ্রামে বন বিট কর্মকর্তার ওপর দুর্বৃত্তের হামলা
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের চুনতি রেঞ্জের বিট কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন তালুকদার দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।
গতকাল রাত ৯টার দিকে লোহাগাড়ার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তার কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটলেও হামলাকারীদের এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ।
চুনতি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'চুনতি বাজার থেকে কেনাকাটা করে মোটরসাইকেলে নিজের কার্যালয় সংলগ্ন বাসায় ফিরছিলেন ফরিদ উদ্দিন তালুকদার। পথিমধ্যে কে বা কারা পেছন দিক দিয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বন বিভাগের লোকজনকে এগিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।'
তিনি আরও বলেন, 'দুর্বৃত্তদের লাঠির আঘাতে ফরিদের ডান হাত ভেঙে গেছে। আমি পুলিশকে মৌখিকভাবে এ ঘটনা জানিয়েছি। ফরিদ উদ্দিন সুস্থ হলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।'
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, 'বন বিভাগের একজন কর্মকর্তার ওপর হামলা হয়েছে বলে শুনেছি। কিন্তু, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'