চট্টগ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে সাবেক কনস্টেবল গ্রেপ্তার
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে মোটরবাইক চুরির অভিযোগে বাংলাদেশ পুলিশের সাময়িকভাবে বরখাস্ত এক কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গ্রেপ্তারকৃতরা হলেন মামুন উর রশিদ (৪২) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩৬)। মামুন একজন সাবেক পুলিশ কনস্টেবল, যাকে কিছুদিন আগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
র্যাব-৭ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মো. নুরুল আবছার জানান, আজ বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরনগরীর ইপিজেড থানাধীন আলী শাহ পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, 'এই দম্পতি একটি মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত ছিল এবং তারা কাস্টমস নিলামের নামে নথি জাল করে চুরি করা মোটরবাইকের ব্যবসা করতেন।'
তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।