চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
২০১৫ সালে বন্দর নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।
দণ্ডপ্রাপ্ত আব্দুর সাত্তার কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা।
আজ বুধবার মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত সব সাক্ষী ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন জানান, আদালত আসামিকে একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আদালতে মোট ১৭ জন সাক্ষ্য দেন।
মামলার এজাহারে বলা হয়, সাত্তার ২০১১ সালে শাহেদা আক্তারকে বিয়ে করেন। ঘটনার সময় এই দম্পতির ৯ মাস বয়সী একটি কন্যাসন্তান ছিল। ২০১৫ সালের ৪ আগস্ট সাত্তার তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে ঝগড়া করে তাদের লালখান বাজার এলাকার টাংকির পাহাড়ে তাদের ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যা করে এবং সিলিং থেকে মরদেহ ঝুলিয়ে দেয় এবং স্ত্রী আত্মহত্যা করেছে বলে সবাইকে বলতে থাকে। ঘটনার পর সন্দেহজনক আচরণ দেখে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে এ ঘটনায় তাকে আটক করে পুলিশ।
একই বছরের ২৮ অক্টোবর সাত্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। চট্টগ্রামের একটি আদালত ২০১৬ সালের ৪ আগস্ট সাত্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।