চট্টগ্রামে হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানাই ইউনিয়নে একটি পুরুষ হাতি হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ।
পিওআর (প্রসিকিউশন অফেন্স রিপোর্ট) মামলাটি চট্টগ্রাম বন আদালতে মামলাটি করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় বন কার্যালয়ের (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রমাণ পাওয়ার পর এই মামলা করা হয়।
মামলায় কৃষক, জমির মালিক এবং ফসলের খেতে বিদ্যুৎ সংযোগ নিতে সহায়তাকারীকে আসামি করা হয়েছে।
হাতি তফশিল-১ ভুক্ত প্রজাতির অন্তর্গত। তাই, যদি কেউ হাতি হত্যা করেছে বলে প্রমাণিত হয়, তবে তাকে ২ থেকে ৭ বছরের জন্য অথবা সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা হতে পারে। যদি এই অপরাধের পুনরাবৃত্তি হয়- তাহলে জেলের মেয়াদ ১৫ বছর হবে অথবা ১৫ টাকা লাখ জরিমানা করা হবে।