পাহাড় কাটা ও খাল ভরাটের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড় কাটা ও প্রাকৃতিক খাল ভরাটের অভিযোগে নুর উদ্দিন নামে তৈরি পোশাক খাতের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ সোমবার আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আকবর শাহ থানার বায়েজিদ লিং রোডের ৬ নম্বর সেতুর দক্ষিণ পাশে দেয়াল নির্মাণের জন্য আনুমানিক ১০০ ফুট পরিমাণ পাহাড় কেটে ফেলছে আসামি নুর উদ্দিন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬-এর খ ধারা অনুযায়ী অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাহাড় বা টিলা কাটতে পারবে না। তাই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি একটি প্রাকৃতিক ছড়ার ৮০ শতাংশ ভূমি দখল করে দেয়াল নির্মাণ করেছেন। খালটি ওই এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ। দেয়াল নির্মাণের ফলে ওই খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
মামলার বাদী মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৬ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটা ও খাল দখলের প্রমাণ পেয়েছি। এরপর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে তদন্ত প্রতিবেদনে জমা দিয়েছি।'
এ বিষয়ে জানতে চাইলে নুর উদ্দিনের প্রতিনিধি আবদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বস (নুর উদ্দিন) বিদেশে আছেন। তাই আমি শুনানিতে অংশ নিয়েছি।'
তিনি আরও বলেন, 'যে পাহাড় কাটা হয়েছে বলে পরিবেশ অভিযোগ করেছে সেটি আমাদের প্রতিষ্ঠান নেস টেক্সটাইলের নামে লিজ নেওয়া, আমরা সীমানা প্রাচীর নির্মাণের জন্য পাহাড়ের ঢালের কিছু মাটি কেটেছি। আর আমরা কোনো খাল ভরাট করিনি, সীমানা প্রাচীরের পাশে একটি নালা আছে, যেটি আমাদের জায়গায়। সেটিতে দেয়াল দিয়েছি।'
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ১৩ মার্চ এই বিষয়ে শুনানি হয়, এতে আসামি নুর উদ্দিনের পক্ষে আবদুল হক উপস্থিত ছিলেন। শুনানি শেষে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করার আদেশ দিয়েছি।'