চাঁদপুরে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার আরেক আসামি সাইসাঙ্গা গ্রামের শিমুল (২৪) কে খুঁজে পেতে পুলিশ ফেসবুকের মাধ্যমে লোকজনের সহায়তা চেয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং তাদের সহযোগিতাকারী লিপি বেগম (৩২)।
তাদের মধ্যে গতকাল রোববার লিপি বেগমকে এবং আজ
ইজাজ ও সাব্বিরকে কুমিল্লা থেকে আটক করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজাজ, সাব্বির ও শিমুল স্কুলশিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে আসামিরা শিক্ষার্থীকে হুমকি দেয় তা ছড়িয়ে দেওয়ার। পরে ওই স্কুলশিক্ষার্থী তার মাকে জানালে রাতে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মামলা গ্রহণ করে আমরা ৩ জনকে গ্রেপ্তার করেছি। প্রধান অভিযুক্ত শিমুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ জন্য আমরা ফেসবুকের মাধ্যমে সহায়তা চেয়েছি। গ্রেপ্তারকৃত লিপি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকে মঙ্গলবার আদালতে নেওয়া হবে।