চাঁদপুরে সড়ক দুর্ঘটনা: মরদেহ নিয়ে পুলিশ-স্বজন সংঘর্ষ, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহতদের মরদেহের ময়নাতদন্ত নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ২ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শাহরাস্তির চিতোষীতে আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়।

ঘটনার পর থেকে চিতোষী হাসনাবাদ সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল।

মঙ্গলবার দিবাগত রাতে চিতোষী-চাটখিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাহপরান তুষার (২২), শাকিল হোসেন (২৬) ও রেজাউল (২৪) এবং যশোর জেলার শার্শা থানার নয়ন (২৫) ও গাজীপুর সদরের উত্তর খাইলপুর গ্রামের সাগর হোসেন (২৪) নিহত হন।

pjimage_11.jpg
প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত মনোহরগঞ্জ হাসনাবাদ এলাকার শাহপরান তুষার, শাকিল ও রেজাউল। ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় মনোহরগঞ্জের ৩ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করতে প্রশাসনের কাছে যান স্বজনরা। তবে এতে তারা ব্যর্থ হন।

পরে বিকেলে উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে নিহতদের মরদেহ শাহরাস্তি থানায় নেওয়ার পথে নিহতদের স্বজনরা বাধা দেন। এক পর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে মরদেহ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে, পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ ৩ জনের মরদেহ নিয়ে থানায় চলে আসে। এ সময় পুলিশসহ অনেকে আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বেশ কিছু দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।