চাঁদপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ৫

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

চাঁদপুরের শাহরাস্তি থানার পূর্ব নরহ গ্রামের চিতোষী-চাটখিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে গাড়ির ৫ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

আজ বুধবার ভোররাত ১২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি থানার উপপরিদর্শক মোহাম্মদ সাহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে অতিরিক্ত গতির কারণে প্রাইভেটকারটি রাস্তার মোড় ঘুরতে না পেরে সরাসরি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে গাড়ির ৫ যাত্রী নিহত হন।'

নিহতরা হলেন: মনোহরগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে শাহপরান তুষার, (২২), একই উপজেলার নরপাইয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৬), মনোহরগঞ্জ উপজেলার চাঁদনী কেশতলা গ্রামের মো. বাবুলের ছেলে রেজাউল (২৪), যশোর জেলার শার্শা থানার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৫) ও গাজীপুর সদরের উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে গাড়িচালক সাগর হোসেন (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে প্রাইভেটকারের আরোহীরা কুমিল্লা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী পানচাইল গ্রামের মো. জাহাঙ্গীর আলম আমাদের চাঁদপুর সংবাদদাতা জানিয়েছেন, ভোররাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে চাটখিল যাওয়ার পথে শাহরাস্তির পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক এলাকায় প্রাইভেটকারাট (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। সেসময় ওই গাড়ির গ্লাস বন্ধ থাকায় ভেতরের কেউ বের হতে পারেননি।

শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, 'ফায়ার সার্ভিস দলের সহযোগিতায় গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও তারা কেউ জীবিত ছিল না।'

দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবুল হোসেনের নেতৃত্বে ৫ জনের মরদেহ ও ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের হস্তান্তর করি।'

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, 'মরদেহ উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'