চাঁদা চাওয়ায় হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার নিজসেনবাগ গ্রামের জহির, আয়েশা ও রহিমা।
আজ শুক্রবার বিকেলে হিজড়াদের একটি দল থানায় অভিযোগ করলে, সেনবাগ গ্রাম থেকে ওই ৩ জনকে আটক করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক দ্য ডেইলি স্টারকে জানান, গত বুধবারের ওই ঘটনায় শুক্রবার দুপুরে প্রিয়া হিজড়া বাদি হয়ে থানায় অভিযোগ দেন। পরে পুলিশ নিজসেনবাগ গ্রামের জহির, আয়েশা ও রহিমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ২ হিজড়া চুমকি ও প্রিয়া উপজেলার নিজসেনবাগ গ্রামের ব্যবসায়ী জহিরুল হক নয়নের বাড়িতে গিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।
নয়নের পরিবার থেকে তাদের প্রথমে ৪০০ টাকা দেওয়া হয়। পরে তারা আরও টাকা দাবি করেন। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
থানায় অভিযোগকারী প্রিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাকবিতণ্ডার এক পর্যায়ে নয়নদের পরিবারের সদস্যরা চুমকির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়।'
তবে পুলিশের হাতে আটক হওয়া বিবি রহিমার দাবি, তারা ৫ হাজার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, ভয় দেখানোর জন্য হিজরা চুমকি তাদের রান্না ঘরে গিয়ে চুলা থেকে নিজেই নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়।
ওসি মো. ইকবাল হোসেন বলেন, 'অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'