চট্টগ্রাম

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানার পাহাড়তলী বাজার এলাকায় চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে ওই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেন দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

নিহত মো. ফরিদ (৪৫) পাহাড়তলী রেলওয়ে কলোনির একটি মোটর ওয়ার্কশপের মালিক।

চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মো. দিদার ওরফে টেডি দিদারকে (৩৪) আটক করেছে। দিদার পাহাড়তলীতে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলাসহ ৪টি মামলার আসামি।

তিনি আরও জানান, ফরিদ রেলওয়ে কলোনিতে গাড়ি ওয়াশের একটি গ্যারেজ স্থাপন করে। কিন্তু, এজন্য স্থানীয় একদল চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবি করে আসছিল।

'ফরিদ চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে সতর্ক করেন। এরপর শনিবার রাতে ১০ থেকে ১১ জনের একদল দুর্বৃত্ত তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তার স্ত্রী নাহিদা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর পুলিশ দিদারকে আটক করে। সে সরাসরি ফরিদকে আঘাত করেছিল। পুলিশ অন্যান্য আসামিদের নাম সংগ্রহ করছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে,' বলেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।