চিকিৎসকের নামে ফেসবুকে পেজ খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফেসবুকে চিকিৎসকের নাম ও ছবি দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে অসহায় মানুষের ছবি দিয়ে সাহায্যের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত চার মাস ধরে এভাবে প্রতারণার পর তিনি চট্টগ্রামের এক নারী চিকিৎসকের নাম ও ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে 'মানবিক' সহায়তার আবেদন জনিয়ে ধরা পড়েছেন।

গত মঙ্গলবার ঝিনাইদহ সদরের আড়মুখী বাজার থেকে মিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করে চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশ। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরে তাকে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ বলেন, ঝিনাইদহের মিরাজ ইরাক ফেরত একজন প্রবাসী। ফেসবুকে প্রচুর ফলোয়ার আছে এমন স্বনামধন্য ব্যক্তিদের ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেইজ খুলে তিনি প্রতারণা করছিলেন।

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল কর্মরত ডা. নুসরাত সুলতানার নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে স্কিন লেজার সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা বলে বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা চাইছিলেন তিনি।

পুলিশের ওই কর্মকর্তা বলেন,ডা. নুসরাত অভিযোগ দেওয়ার পর আমরা তদন্ত শুরু করি। ঝিনাইদহ থেকে তাকে আটক করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আকবরশাহ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুফল দাশ বলেন, মিরাজ গত চার মাস ধরে নানান জনের কাছ থেকে বিকাশে টাকা এনেছেন।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এস আই সুফল দাশ।