সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯৯৮ সালের ডিসেম্বরে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সোহেল চৌধুরীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
অপর ২ আসামি হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং ব্যবসায়ী সেলিম খান।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন আজ রোববার আদালতে আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেন।
আদালতের আদেশ পালনে ব্যর্থ হওয়ায় মামলার বাদী তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধেও জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আফরিন শিল্পী বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে তিনি জানেন তা আদালতে বর্ণনা দিতে তলব করা হয়েছিল।
এই মামলার ৯ আসামির মধ্যে বর্তমানে কারাগারে থাকা তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হলেও হারুনুর রশিদ ওরফে লেদার লিটনকে হাজির করা হয়নি। আরও ২ আসামি আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসি বর্তমানে জামিনে আছেন এবং তারা আজ আদালতে উপস্থিত ছিলেন।
এ ছাড়া, অন্য ২ আসামি সানজিদুল ইসলাম ইমন ও আশীষ রায় চৌধুরী পলাতক আছেন।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ১৭ নম্বরে রোডের আবেদীন টাওয়ারের ট্রাম্পস ক্লাবে কয়েকজন দুর্বৃত্তের গুলিতে নিহত হন অভিনেতা সোহেল চৌধুরী।
এ ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোয়েন্দারা তদন্তের পর ১৯৯৯ সালের ৩০ জুলাই আজিজ, বান্টি ও আরও ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন।
২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ২ বছর পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।
ওই মামলায় এক আসামির আবেদনের প্রেক্ষিতে ২০০৩ সালে উচ্চ আদালত এ মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ১৯ বছর পর বিচার কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।