চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমনের ওপর হামলাকারী গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জে চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমনের ওপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আকমল হোসেন নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের আব্দুল লতিফের ছেলে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গতকাল শনিবার তার বিরুদ্ধে মামলা করেন আসাদ ইকবাল সুমন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার নবীগঞ্জের গন্ধ এলাকায় চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়। হামলাকারী তাকে পিটিয়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শনিবার রাতে নবীগঞ্জ থানায় আসাদ ইকবাল সুমন বাদী হয়ে আকমল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ আকমল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমনের ওপর হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।