চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে আটক ৩
পটুয়াখালীর গলাচিপায় চুরি অপবাদে ১৪ বছরের এক কিশোরকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৩ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুরির অপবাদে গাছে বেধে কিশোরকে নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ৩ জন হলেন- মমতাজ (৪৫), তানিয়া (৩০), শামীম (৪০)।
তিনি বলেন, 'ওই কিশোরের বাবা ঢাকায় দিনমজুরের কাজ করেন। কিছুদিন আগে তার সৎ মা তার বাবার কাছে বেড়াতে যান। তখন ওই কিশোর একই বাড়িতে তার মামার ঘরে থাকত। গত ৯ মে রাতে তার মামাতো বোনের স্বামীর ব্যাগে রাখা ৮০ হাজার টাকা চুরি হয়ে যায়। পরে ওই কিশোরকে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে কয়েক দফায় পেটানো হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়। ওই ঘটনার পর থেকে ওই কিশোর নিখোঁজ আছে।'
ওই কিশোরের বাবা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঢাকায় থাকি। ছেলে বাড়িতে থাকত। খবর পেয়ে বাড়িতে এসেছি। আমার ছেলেকে টাকা চুরির অপবাদ দিয়ে দফায় দফায় অমানবিক নির্যাতন করা হয়। এরপর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছি না।'
পটুয়াখালীর পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ বলেন, 'বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।'
গলাচিপা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্যাদা বলেন, 'এটা একটি অমানবিক ঘটনা। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক।'