চুরির অভিযোগে ২ শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাগল চুরির অভিযোগে ২ শিশুকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুদের নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা করেছেন। পরে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুরা হলো উপজেলার পদ্মবিলা গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে আজিজুর (১৩) ও সারুলিয়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে জয় শিকদার (১৪)।

ভিডিওতে ২ শিশুকে মেহগনি গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটাতে দেখা যাচ্ছে। এ কাজে সহায়তা করছেন এক নারী ও এক পুরুষ।  

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, এড়েন্দা গ্রামের জহুর শেখের স্ত্রী দোলেনা বেগমের একটি ছাগল চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে ওই ২ শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে ওই পরিবারের সদস্যসহ এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

পরদিন ওই ২ শিশুর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ না থাকায় পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

বুধবার রাতে শিশু আজিজুরের বাবা মো. আসাদুজ্জামান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা করেন। সে রাতেই পুলিশ ২ শিশুসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, এড়েন্দা গ্রামের অশোক হোড় (৩৪), আলিফ মোল্লা (১৩) ও সারুলিয়া গ্রামের রিয়াদ (১৪)।

আজিজুরের বাবা মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোনো দোষ ছাড়াই তারা আমার ছেলেকে প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ডেইলি স্টারকে বলেন, 'শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ২ শিশুসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অশোক হোড়কে আদালতে পাঠানো হলেও বাকি ২ শিশুকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। যথাসময়ে তাদের আদালতে তোলা হবে।'