চুরির ১৭ লাখ টাকাসহ কনফেকশনারি কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরে চুরির টাকাসহ গ্রেপ্তার হয়েছেন ঢাকার একটি বেকারি অ্যান্ড কনফেকশনারির কর্মচারী শেখ মো. বেলাল (৪৫)। 

সোমবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছে ঢাকার অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি থেকে চুরি যাওয়া ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শেখ মো. বেলাল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি এলাকার মৃত শেখ মো. ওয়াকিলের ছেলে।

ওসি জানান, বেলাল ঢাকার পল্টন এলাকার অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারির কর্মচারী হিসেবে চাকরি করতেন। গত ২ মে ওই বেকারির ক্যাশ থেকে ১৮ লাখ টাকা চুরি হয়। এরপর থেকে বেলাল নিখোঁজ ছিলেন।

খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বেকারির মালিক নাজমুল হুদা বাদী হয়ে পল্টন থানায় তার বিরুদ্ধে ১৮ লাখ টাকা চুরির অভিযোগে মামলা করেন।

ওসি শহীদ হোসেন বলেন, 'বেলাল ওই টাকা নিয়ে আজ সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকায় আসেন। পুলিশ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় তাকে ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করে।'

'গ্রেপ্তারের পর বেলাল ওই টাকা বেকারি থেকে চুরি করেছেন বলে স্বীকার করেছেন। ১৮ লাখ টাকার মধ্যে তিনি ৬৫ হাজার টাকা খরচ করেছেন বলেও জানিয়েছে,' বলেন ওসি।