চুরি করতে না পেরে ব্যাংকের কাগজপত্রে আগুন
চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় চুরি করতে না পেরে ব্যাংকের কাগজপত্রে আগুন দিয়েছে চোরেরা। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ আজ মঙ্গলবার হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
সোমবার দিবাগত রাতে নগরীর হালিশহর ট্রাস্ট ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
সিসিটিভির ফুটেজের উল্লেখ করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ২টার দিকে ব্যাংকের পেছন দিক থেকে জানালার গ্রিল কেটে ২ জন চোর ব্যাংকের ভেতরে ঢুকে যায়। এরপর তারা ব্যাংকের বিভিন্ন ক্যাবিনেট তছনছ করে। এক পর্যায়ে তারা ব্যাংকের ভল্ট খোলার চেষ্টা করে ব্যর্থ হয়।'
'পরে তারা ব্যাংকের ম্যানেজারের রুমে ঢুকে কম্পিউটারের মনিটর ও সেখানকার কাগজপত্র নষ্ট করে। এরপর তারা সোফাগুলো কেটে ফেলে। পরে তারা ব্যাংকের বিভিন্ন ভাউচারে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে পালিয়ে যায়,' বলেন ওসি।
তবে এ ঘটনায় গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হুমায়রা আজম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেখানে তেমন কোনো ক্ষতি হয়নি। ভল্ট ভাঙতে না পেরে হতাশ হয়ে তারা বিভিন্ন ভাউচারে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা বিল ভাউচারের কপিগুলো কম্পিউটারে সংরক্ষণ করে রাখি।'