চুয়াডাঙায় ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গভীর রাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার ভোররাত ১টার দিকে উপজেলার নাস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হযরত আলী (৫৫) নাস্তিপুর গ্রামের মৃত রইচউদ্দীনের ছেলে।

নিহতের ছেলে তৌফিক হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হযরত আলী। ভোররাত ১টার দিকে জানালার ফাঁক দিয়ে ৩টি গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।'

'গুলির শব্দে পরিবারের লোকজন হযরত আলীর ঘরে গিয়ে তাকে গুলিবিদ্ধ দেখতে পান। মোটরসাইকেলে করে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৩টার দিকে তিনি মারা যান।'

তৌফিকের দাবি, তার বাবার সঙ্গে সীমান্ত এলাকার চোরাকারবারিদের শত্রুতা ছিল।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর ডেইলি স্টারকে বলেন, 'কী কারণে হযরত আলীকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।'