চুয়াডাঙ্গায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কামাল হোসেন (৬৫) নামে এক ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে। কামাল হোসেন উপজেলার জেহালা গ্রামের মৃত জাহান মাস্টারের ছেলে। তার পেশা ছিল ঠিকাদারি।
জেহালা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, কামাল এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আব্দুল আলিম আরও বলেন, রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে ফেলে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
কামালের স্ত্রী সেলিনা খাতুনের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার স্বাধীন ও তার পরিবারের সদস্যরা কামালকে হত্যা করেছে।
সেলিনা বলেন, ঈদের আগে প্রকাশ্যে তারা আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিল। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আলিম বলেন, জমি সংক্রান্ত বিরোধের তথ্য আমরা পেয়েছি। পুলিশ লিখিত অভিযোগ এখনো পায়নি। তবে হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
যোগাযোগ করা হলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ বলেন, কামাল হোসেন বিএনপির নেতা ছিলেন। তবে তার কোনো পদ ছিল না।