চেক প্রতারণা মামলায় ইলিয়াস ব্রাদার্সের ৫ পরিচালকের কারাদণ্ড, ২৫ কোটি টাকা জরিমানা
ওয়ান ব্যাংকের ২৫ কোটি টাকার চেক প্রতারণা মামলায় চট্টগ্রামের মেসার্স ইলিয়াস ব্রাদার্সের (এমইবি) ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলমসহ ৪ পরিচালককে ১ বছরের কারাদণ্ড ও ২৫ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বুধবার চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক কাজী মিজানুর রহমান এ আদেশ দেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম, চেয়ারম্যান মো. নুরুল আবছার, পরিচালক মো. নুরুল আলম, কামরুন্নাহার বেগম ও তাহমিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে বলে নিশ্চত করেছেন আদালতের পেশকার মোহাম্মদ ফারুক।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এনআই অ্যাক্টের ১৮৮১-এর ১৩৮/১৪০ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের বিনাশ্রম কারাণ্ড ও ২৫ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ওয়ান ব্যাংকের হিসাব থেকে দেওয়া একটি চেক প্রদান করা হলেও ২০১৩ সালের ২২ মে ওই চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।
পরে একই তারিখে নালিশকারী অর্থাৎ ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিয়োজিত আইনজীবীর মাধ্যমে আসামিদের বরাবর আইনি নোটিশ পাঠান। আসামিরা ওই নোটিশ ২০১৩ সালের ২৫ মে গ্রহণ করেন। নোটিশ পাওয়ার পরও আসামিরা চেকের টাকা পরিশোধ না করায় ব্যাংক ২০১৩ সালের ১০ জুলাই মামলা দায়ের করে।
এ বিষয়ে বক্তব্যের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পরিচালক মো. শামসুল আলম ও চেয়ারম্যান মো. নুরুল আবছারের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা ফোন ধরেননি।