চৌগাছা সীমান্ত থেকে গ্রেপ্তার ১৬
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছার আন্দুলিয়া সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘চৌগাছা হাসপাতালে করোনা পরীক্ষা শেষে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তাদের চৌগাছা থানায় সোপর্দ করেছে বিজিবি।’
ওই ১৬ জন হলেন— খুলনার পাইকগাছা উপজেলার বরইখালি গ্রামের আসাদুল গাজী (২৪), তার স্ত্রী ফুলবানু খাতুন (২৫), বাগেরহাটের ফকিরহাট উপজেলার হালিম শেখের ছেলে আজিজুল শেখ (১৭), মানিকগঞ্জ সদর উপজেলার ছোটষাট্টা গ্রামের মৃত ওয়াসিমের স্ত্রী রোজিনা আক্তার (২৫), নড়াইলের কালিয়া উপজেলার পাচকাউনিয়া গ্রামের হাসান বিশ্বাস (৪০), আসলাম বিশ্বাস (৩৫), হাসান বিশ্বাসের স্ত্রী আনোয়ারা বেগম (৩৮), ছেলে ইয়াসিন বিশ্বাস (২৪), মিঠু বিশ্বাস (১৯) ও লিটু বিশ্বাস (৭), ইয়াসিন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বেগম (২০) ও মেয়ে সুমাইয়া খাতুন (২), আসলাম বিশ্বাসের স্ত্রী শাহানাজ (৩০), ছেলে ইব্রাহিম বিশ্বাস (১৯) ও রিয়ান বিশ্বাস (১১) এবং নূর ইসলাম বিশ্বাসের ছেলে ইয়ামিন বিশ্বাস(১৫)।
বিজিবির আন্দুলিয়া ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ সিদ্দিকি ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আন্দুলিয়া সীমান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই শহরে মজুরের কাজ করে আসছিলেন।