চৌদ্দগ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় যুবক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ১২ নং গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ফরহাদ হোসেনকে (২০) পার্শ্ববর্তী ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ দশবাহা গ্রামের কবির আহমেদের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা শুনেছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।'
স্থানীয়দের অভিযোগ, ফরহাদ আওয়ামী লীগ সমর্থন করে নৌকা প্রতীক সম্বলিত টি-শার্ট গায়ে দিয়েছিল। এই ক্ষোভে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল ও তার নেতাকর্মীরা ফরহাদসহ আরও বেশ কয়েকজনকে হুমকি দেয়।
গতকাল সন্ধ্যার পর ফরহাদকে বাড়ি অদূরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোস্তফা কামালের সমর্থকরা।
পরে সংবাদ পেয়ে আহত ফরহাদকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদের মা নিলুফার বেগম ডেইলি স্টারকে বলেন, 'শুনেছি সন্ধ্যায় আমার ছেলের ওপর মোস্তফা কামালের সমর্থকরা হামলা করেছে।'
মোস্তফা কামাল ডেইলি স্টারকে বলেন, 'আমি নির্বাচনের পর ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বের হই। রাত ৯টার সময় সংবাদ পাই একটি ছেলেকে কে বা কারা মেরেছে। পুলিশ প্রকৃত অপরাধীদের খুঁজে বের করবে।'