ছাগল খেয়েছে মরিচের খেত, লাঠির আঘাতে মৃত্যু মালিকের
বগুড়ার সারিয়াকান্দিতে মরিচের খেতে ছাগল ঢুকে গাছ নষ্ট করার জেরে ২ পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এক পর্যায়ে লাঠির আঘাতে আহত হন ছাগলের মালিক। বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় পথে মারা যান তিনি।
মৃত সাহেব আলী (৩৫) সারিয়াকান্দি উপজেলার যমুনার চরাঞ্চল শংকরপুরের বাসিন্দা ছিলেন।
পরিবার এবং স্থানীয়দের বরাত দিয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার সকালে সাহেব আলীর একটি ছাগল তার ভায়রা আফতাব মন্ডলের মরিচ খেতে গিয়ে কিছু গাছ খেয়ে ফেলে বা নষ্ট করে। পরে এ নিয়ে দুপুরে ২ পরিবারের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে আফতাবের ছেলে মো. মোমিন লাঠি দিয়ে সাহেব আলীর মাথায় আঘাত করে।'
ওসি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে, অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার রাতে ঢাকা নিয়ে যাওয়ার পথে সাহেব আলী মারা যান।
ওসি বলেন, 'আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য সেটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হবে।'