ময়মনসিংহ

ছেলের ঘুষিতে মায়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলায় পুত্রবধূর সঙ্গে ঝগড়া শুরু হলে ছেলের কিলঘুষিতে মা হাফিজা খাতুনের (৭০) মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের পালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুনের স্বামীর নাম জবান আলী।
 
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ দ্য ডেইলি স্টারকে জানান, বেলা ১১টার দিকে হাফিজা খাতুনের সঙ্গে তার পুত্রবধূ হাজেরা খাতুনের (৪০) ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান (৫৫) জানতে পেরে ক্ষিপ্ত হয়ে মাকে কিলঘুষি মারে। এতে হাফিজা মাটিতে লুটিয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে আব্দুল মান্নান ও তার স্ত্রী হাজেরা পলাতক রয়েছেন। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।