জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

নিজস্ব সংবাদদাতা, নীলফামারী

জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারীর সদর উপজেলায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। আজ শনিবার সকালে জানতে চাইলে র‌্যাব-১৩ এর মিডিয়া উইং দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপজেলার সোনারায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঠিহারী গ্রামের একটি বাড়ি শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে জঙ্গি সদস্যরা রয়েছেন। র‌্যাব ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রংপুর থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল নীলফামারীতে এসেছে।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে র‌্যাব।