জনসেবার আড়ালে চুরি করতেন ইউপি সদস্য মন্তাজ: পুলিশ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মন্তাজ উদ্দিন খানের বাড়ি থেকে ২০০টির বেশি অটোরিকশার ব্যাটারি জব্দ করেছে পুলিশ।

ব্যাটারি চুরির ঘটনায় করা এক মামলায় তাকেসহ ৩ জনকে রোববার ভোরে গ্রেপ্তার করে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান গণমাধ্যমকে জানান, শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার চায়না লেক পাওয়ার সাপ্লাই কারখানায় ব্যাটারি তৈরি করা হয়। গত ১২ মার্চ কারখানা থেকে বগুড়ার এক ব্যবসায়ীর উদ্দেশে অটোরিকশার ২১১টি ব্যাটারি পাঠানো হয়।

পদ্মা ট্রাভেল এজেন্সির ভাড়া করা করা পিকআপে ব্যাটারিগুলো পাঠালেও পথে সেটি নিখোঁজ হয়। পিকআপের চালক, হেলপার ও ট্রাভেল এজেন্সির ম্যানেজারের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ব্যাটারি কারখানার কান্ট্রি ম্যানেজার আনিছুর রহমান বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা কামরুল হাসান।

মামলার পর শ্রীপুর থানা পুলিশ প্রথমে পিকআপ চালক জামালকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুরছাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য মন্তাজ উদ্দিন খানের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

রোববার ভোরের এ অভিযানে পুলিশ ২০৩টি ব্যাটারি জব্দ করে এবং তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের সহযোগী সুরুজ মিয়াকেও গ্রেপ্তার করে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুইবার ইউপি সদস্য নির্বাচিত হলেও মন্তাজ খানের বিরুদ্ধে চুরি-ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে।

তবে গরীবদের সাহায্য করায় এলাকায় তিনি 'দানবীর মন্তাজ' হিসেবে পরিচিত।