জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে
সাভারের ভাকুর্তা ইউনিয়নে জমি দখল করতে প্রতিপক্ষের ওপর সন্ত্রাসী দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে সাভার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর আজিজ ও তার সমর্থকদের বিরুদ্ধে।
গতকাল সোমবার বিকালে ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকায় এ হামলার ঘটনা আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন—কবির হোসেন ও সাইফুল ইসলাম।
এ ঘটনায় গতকাল রাতে সাভার মডেল থানায় ৭ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মো. কবির হোসেন।
ভুক্তভোগী মো. কবির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন সময় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর আজিজ বাইরের লোকজন নিয়ে আমার বাড়ি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল বিকালে তিনি, তার স্ত্রী মাহিনুর বেগম, আমির, ফয়সাল ও নিজাম উদ্দিন বহিরাগতদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে হামলা চালায়।'
তিনি আরও বলেন, 'তারা আমাকে এবং আমার বন্ধু সাইফুল ইসলামকে বেধড়ক মারধর করে। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।'
অভিযুক্ত শ্রমিক লীগ নেতা আব্দুর আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এমন কোনো ঘটনা জানি-ই না। আমার সঙ্গে তো কবিরের গতকাল কথাও হয়নি। তার সঙ্গে আমার জমি নিয়ে একটি ঝামেলা আছে। তবে কোনো মারামারি ঘটনা ঘটেনি।'
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম বলেন, 'একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।'