জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের অভিযোগ
ঝিনাইদহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মকবুল হোসেন মোল্লা (৫৫) মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে মকবুল হোসেন মোল্লা ও তার ছোট ভাই মনিরুল মোল্লার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে মকবুল মোল্লা ঘর নির্মাণ করতে গেলে তাকে বাধা দেয় মনিরুল ও তার লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই মনিরুল, তার ভাগিনা রাশেদুল ইসলাম, ভগ্নিপতি রশিদুল ইসলাম মকবুল ও তার ছেলে রুবেলসহ ৩ জনকে মারধর করে। এতে গুরুতর আহত হয় মকবুলসহ ৩ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মকবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।