‘জমি লিখে না দেওয়ায়’ বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে আব্দুল জলিলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার আজ মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, আব্দুল জলিলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন ভোররাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ কামারপাড়া এলাকা জলিলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জমি লিখে না দেওয়ায় আব্দুল জলিল গত ৩ এপ্রিল রাতে তার বাবা পেয়ার উদ্দিনকে (৫৬) ধারাল ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। বাধা দিতে এলে জলিল তার মাকেও ছুরিকাঘাত করেন। জুলেখা বেগম আহত হওয়ার পরে জলিল পালিয়ে যান। প্রতিবেশীরা পেয়ার উদ্দিন ও জুলেখা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় পেয়ার উদ্দিনের মৃত্যু হয়। জুলেখা বেগম তার ছেলে আব্দুল জলিলকে আসামি করে রাজারহাট থানায় মামলা দায়ের করেন।

রাজু সরকার বলেন, আব্দুল জলিলের তৃতীয় স্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। সেই মামলা পরিচালনায় টাকার প্রয়োজন হওয়ায় জলিল তার বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে আমরা জানতে পেরেছি।