জাপান থেকে আসা ২ শিশু ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবে মায়ের সঙ্গে
জাপান থেকে আসা ২ শিশু আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা জাপানের নাগরিক এরিকো নাকানোর সঙ্গে থাকবে বলে নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এই সিদ্ধান্ত দিয়েছেন।
শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। এ ছাড়াও, শিশুদের অবশ্যই স্কুলে পাঠাতে হবে বলেও নির্দেশনা দেন আদালত।
এরিকো বর্তমানে রাজধানীর বারিধারায় একটি হোটেলে অবস্থান করছেন বলে জানান তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত ১৫ ডিসেম্বরের আদেশ অনুযায়ী আজ সকালে আপিল বিভাগে নিয়ে আসা হয় ওই ২ শিশুকে।
শুনানি নিয়ে আদালত এরিকোকে ২৩ জানুয়ারির মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন।
এ ছাড়া আপিল বিভাগের ইতিপূর্বের আদেশ (১৫ ডিসেম্বর) সংশোধন চেয়ে শিশুদের বাবার করা আবেদনটি নথিভুক্ত রেখেছেন আদালত।
আদালতে শিশুদের বাবা ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম।
২০০৮ সালের ১১ জুলাই এরিকো ও ইমরানের বিয়ে হয়, তাদের ৩ মেয়ে। গত বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর ২১ ফেব্রুয়ারি ২ মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি।
পরে ছোট মেয়েকে নানির কাছে রেখে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী ২ মেয়েকে ফিরে পেতে ঢাকায় এসে ১৯ আগস্ট রিট করেন তিনি। পরে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান।