জামালপুরের মেলান্দহে মা-মেয়ের মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহ উপজেলায় মা জয়ফল বেগম (৫৫) এবং মেয়ে স্বপ্না বেগমের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার গোবিন্দপুরের গাড়োয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়ফল বেগমের স্বামী মৃত আকমল চৌধুরী।
মেলান্দহ থানার ওসি মো মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি জানান, নিহত জয়ফল বেগমের ২ ছেলে মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী ওমান প্রবাসী। আরেক ছেলে জহুরুল ইসলাম বাড়িতেই থাকেন।
ওসি বলেন, 'তাদের প্রতিবেশীরা জানিয়েছে, সম্প্রতি পারিবারিক বিষয়ে সম্প্রতি জহুরুল ইসলামের কথা কাটাকাটি হয়েছিল। গত দু'দিন ধরে জয়ফল বেগম ও স্বপ্না বেগমের (২৫) ঘরের দরজা জানালাও বন্ধ ছিল। মা ও বোনের খোঁজ না পেয়ে আজ ওমান থেকে ২ ছেলে জয়ফলের আত্মীয়দের কাছে ফোন দেন। পরে জয়ফলের ভাই মানিকসহ অন্য স্বজনরা সন্ধ্যায় ঘরে প্রবেশ করে গলাকাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।'
'পুলিশ রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জহুরুল ইসলাম ও তার স্ত্রী জেসমিনকে আটক করা হয়েছে,' বলেন এই পুলিশ কর্মকর্তা।