নাসির-তামিমাসহ ৩ জনের জামিন
ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ও তার মা সুমি আক্তারের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে নাসির, তামিমা ও তার মা সুমি আক্তার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালত তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই দিনই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তাতে বলা হয়েছে, নাসির ও তামিমা সুলতানা তাম্মীর বিয়ে বৈধ উপায়ে হয়নি। প্রতিবেদনে তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী মো. রাকিব হাসান অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তভার দেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তামিমা ও রাকিবের বিবাহ বিচ্ছেদের যে নথি তা জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। বিচ্ছেদের আগেই তামিমা নাসিরকে বিয়ে করেছেন।