জাল নোটসহ আটক, পঞ্চগড়ের কারাগারে ভারতীয় ট্রাকচালক
জাল ভারতীয় মুদ্রা রাখার অপরাধে ভারতীয় এক ট্রাকচালককে কারাগারে পাঠিয়েছেন পঞ্চগড়ের একটি আদালত।
কোর্ট পরিদর্শক মো. আনিছুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ মঙ্গলবার দুপুরে আটককৃত ট্রাকচালক সানোয়ার হোসেনকে (৪০) পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব আলম এই আদেশ দেন।
সানোয়ার ভারতের আসাম রাজ্যের ধুবরী থানার ঝাগড়াপাড়া গ্রামের তছের উদ্দিনের ছেলে।
মামলার উদ্ধৃতি দিয়ে কোর্ট পরিদর্শক জানান, সানোয়ার পাথরবোঝাই একটি ট্রাক নিয়ে ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে গত সোমবার প্রবেশ করেন। পরে ট্রাকটি স্থলবন্দরে রেখে বন্দর সংলগ্ন একটি ওষুধের দোকানে যান।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা একটি হাতব্যাগ থেকে ৩ হাজার ৯০০ জাল রূপি ও ১ হাজার ৭৪০ আসল রূপি জব্দ করা হয়।
গতকাল রাতেই সানোয়ারকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পাচারের উদ্দ্যেশে জাল রূপি রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে তার নামে মামলা করা হয়েছে।