জুতায় লুকিয়ে ২০ সোনার বার পাচারের চেষ্টা, আটক ১
কুমিল্লার চান্দিনায় জুতার ভেতর লুকিয়ে ২০০ ভরির ২০টি সোনার বার পাচারের চেষ্টার সময় মাহমুদুল হক (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রারিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বাসে করে সোনার বার পাচারের খবর পেয়ে দুপুরে মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস থেকে মাহমুদুল হককে আটক করা হয়। তাকে তল্লাশি করে ২ পায়ের জুতার ভেতর থেকে ২০টি সোনার বার উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১০ ভরি। সেই হিসেবে ২০টি বার সোয়া ২ কেজি বা ২০০ ভরি সোনার। এর বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।