জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে পুলিশের এআইজির বিরুদ্ধে মামলা

স্টার অনলাইন রিপোর্ট

জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

আদালত সূত্র জানায়, পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের স্ত্রী দাবি করে সেই নারী গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন।

অভিযোগকারীর জবানবন্দি রেকর্ডের পর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) অভিযোগ তদন্ত করে ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ফেসবুকে এআইজি মহিউদ্দিন ফারুকের সঙ্গে ২০১৯ সালে সেই নারীর পরিচয় হয়। ওই বছরই এই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন ফারুক। অন্তঃসত্ত্বা হওয়ার খবর মহিউদ্দিন ফারুককে জানালে গত বছর ২০ মার্চ ফারুক কৌশলে তাকে গর্ভপাতের ওষুধ খাওয়ান।

একই বছরের ২৮ মার্চ অভিযোগকারী গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজেকে অভিযোগকারীর স্বামী পরিচয় দিয়ে অভিযুক্ত মহিউদ্দিন ফারুক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বন্ড সই করেন। সেখানে ওই নারীর সম্মতি ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত মুহাম্মদ মহিউদ্দিন ফারুকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না বলে লাইন কেটে দেন।