ঝিনাইদহে চা দোকানিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর এলাকায় চা দোকানি ইনামুল হককে (৪১) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সকালে মহেশপুর পৌরসভাধীন চৌমহনি বাজারের চায়ের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইনামুল উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের বাজিপোতা গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন বিদেশ থাকার পর সম্প্রতি বাড়ি এসে চায়ের দোকান দেয়।

পুলিশ ও স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানায়, মহেশপুরে পৌরসভাধীন চৌমুহুনি বাজারে নিজের চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন ইনামুল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'চা দোকানি ইনামুল হককে দুর্বৃত্তরা পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'