টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪৫) নামের এক পোশাককর্মী নিহত হয়েছেন।
গত বুধবার রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি'র) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন। আবুল কাশেম জামালপুরের ইসলামপুর থানার পাতশি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
নিহতের শ্যালক সোলায়মান দ্য ডেইলি স্টারকে জানান, কাশেম গাজীপুর মহানগরের টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থাকতেন। তিনি নোমান ফেব্রিক্স-২ এর সুপারভাইজার পদে চাকরি করতেন। গত রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন। পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করেন। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইলতুৎমিশ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের বুকের উপর, পেটের নীচে ও পিঠে গভীর জখমের চিহ্ন রয়েছে।
তিনি জানান, আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।