টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল অবৈধভাবে মজুত করার অপরাধে টাঙ্গাইলে শরৎচন্দ্র সূত্রধর (৬০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, অধিক মুনাফার আশায় শরৎচন্দ্র বিভিন্ন সময় এই চাল বেশি দামে বিক্রিও করেছেন।
আজ বৃহস্পতিবার র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর কমান্ডার মো. এরশাদুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬৩ বস্তায় ৪৯৭ মণ চাল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ওই ব্যবসায়ী শরৎচন্দ্রকে আটক করা হয়। পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইনে (১৯৭৪) মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শরৎচন্দ্র সূত্রধর করটিয়া কলেজপাড়ার মৃত সুবল চন্দ্র সূত্রধরের ছেলে।
করটিয়া জমিদার বাড়ীর প্রধান ফটকের কাছে শরৎচন্দ্রের গুদাম থেকে চাল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরৎচন্দ্র র্যাবকে জানিয়েছেন, অধিক মুনাফা লাভের আশায় তিনি বিভিন্ন সময় এই চাল সংগ্রহ করে গুদামজাত করেছেন এবং বেশি দামে বিক্রিও করেছেন, বলেন এরশাদুর রহমান।