টাঙ্গাইলে সাংবাদিককে মারধর, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা 

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল 

টাঙ্গাইলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পারসনকে মারধর করার ঘটনায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং তার ছেলেসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 
আহত চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন আব্দুল্লাহ আল মাসুদ গতকাল মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর থানায় মামলাটি করেন।
মামলায় মাসুদ অভিযোগ করেন, মঙ্গলবার রাতে আকুর টাকুর পাড়ায় হাউজিং মাঠ এলাকায় পৌঁছালে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং তার ছেলে বিশালসহ আরও কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে আনোয়ারের নির্দেশে তার ছেলেসহ অন্যরা তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং মারধর করে। এ সময় তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোটরসাইকেল ভাংচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  
মাসুদ সাংবাদিকদের জানান, গত বছরের ১ মে ছিনতাই ও মোটরসাইকেল চুরির অভিযোগে একটি নিউজ স্থানীয় একটি অনলাইন পোর্টালে প্রকাশ করার জেরে তার উপর হামলা করা হয়েছে। 
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা মোরাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা  চলছে।