টাঙ্গাইলে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিহাতী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই স্কুলছাত্রের নাম রাহাত। তার বয়স ১৪ বছর। রাহাত উপজেলার কোকডহরা ইউনিয়নের আগ বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে স্থানীয় বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আজিজুর রহমান বলেন, রাহাত গতকাল রাত থেকে নিখোঁজ ছিল। আজ ভোরে কাগুজীপাড়ার বাসিন্দারা একটি পুকুর পাড়ে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।