হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর মরদেহ ভাসছিল নদীতে
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই দিন আগে বেলায়েত হোসেন নামে এক রোগী নিখোঁজ হন। আজ বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে বৈরণ নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বেলায়েত (৬৫) উপজেলার সূতী পলাশ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি ২০০৬ সালে পানি উন্নয়ন বোর্ডের চাকরি থেকে অবসর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন থেকে তিনি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বেলায়েত অবসর নেওয়ার পর ক্যানসারে আক্রান্ত হন। তখন থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তিন বছর আগে তিনি বাড়ি ছেড়ে উত্তর পাথালিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস শুরু করেন।
বেলায়েত গত শুক্রবার জ্বর ও পেটে ব্যথা নিয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রোববার তিনি হাসপাতাল থেকে উধাও হয়ে যান। স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেও পরে পাননি। আজ বুধবার হাসপাতালের পাশে বৈরাণ নদীতে তার মরদেহ ভাসছিল।
এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সকালে স্থানীয় লোকজন বৈরাণ নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
তিনি আরও বলেন, মরদেহ থানায় এনে পিবিআই ও সিআইডি মরদেহের পরিচয় শনাক্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।