পিএসএলে বাংলাদেশি পেসারদের দাপুটে পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার বাংলাদেশের বোলারদের দাপুটে পারফরম্যান্স দেখা গেল। করাচিতে অনুষ্ঠিত ম্যাচে মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সকে ৭৬ রানে হারিয়েছে নাহিদ রানা ও শরিফুল ইসলামের পেশোয়ার জালমি। এই ম্যাচে বাংলাদেশের তিন পেসারই ভালো বল করে উইকেট পেয়েছেন। 

ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন কুশল মেন্ডিস। বাবর আজম করেন ৪৩ রান। লাহোরের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি ২ উইকেট নেন, যা চলতি আসরে তার সেরা বোলিং ফিগার। ১৯তম ওভারে মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে আউট করে পেশোয়ারের বড় সংগ্রহের পথ আটকে দেন তিনি।

জবাবে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৭ রানেই অলআউট হয়ে যায় লাহোর। পেশোয়ারের হয়ে শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারে মোহাম্মদ নাঈমকে বিদায় করেন এই বাঁহাতি পেসার। ২ ওভারে ১৭ রান দিয়ে তিনি ১ উইকেট নেন।

এরপর বল হাতে তোপ দাগেন তরুণ পেসার নাহিদ রানা। নিজের প্রথম ওভারেই থিতু হওয়া আবদুল্লাহ শফিককে (২১) আউট করেন তিনি। নাহিদের গতির মুখে পড়ে মাত্র ৩২ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ধসে পড়ে লাহোরের ব্যাটিং লাইনআপ। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ২৩ বছর বয়সী এই পেসার।

এই হারের পর ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে লাহোর। আসরে এখন পর্যন্ত মোস্তাফিজুর রহমান ৬ উইকেট নিয়ে শীর্ষ আট বোলারের তালিকায় রয়েছেন। অন্যদিকে কম ম্যাচ খেলে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন নাহিদ রানা।