টাঙ্গাইলে ২ শিশুর মরদেহ উদ্ধার, মা হাসপাতালে
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার একটি বাড়ি থেকে আজ রোববার ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই ২ শিশুর মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশু দুটির নাম সাজিম (৬) ও ৪ মাস বয়সী সানি। তাদের বাবা ইউসুফ আলী একজন ভ্যানচালক।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকার ওই বাড়িতে পৌঁছে বিছানার ওপর ২ শিশুকে মৃত ও তাদের মাকে আহত অবস্থায় দেখতে পায়।
ওসি ফরিদুল ইসলাম আরও জানান, ওই ঘরের ফ্যানের ২টি পাখা ভাঙা অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। তবে ২ শিশুর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ সময় মাথায় গুরুতর জখমসহ আহত নারীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, 'হাসপাতালে ওই নারীর অস্ত্রোপচার চলছে। জ্ঞান ফিরলে তার কাছ থেকে মূল ঘটনা জানা যাবে।'