টিপু ও প্রীতি হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার দামাল ১ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেপ্তার আরফানউল্লাহ দামালকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা অস্ত্র মামলায় তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. এরশাদ হোসেন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে নানা তথ্য জানা যেতে পারে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর এলাকা থেকে দামালকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছে একটি রিভলভার পাওয়া যায়। অবৈধ অস্ত্র বহন করায় মতিঝিল থানায় তার বিরুদ্ধ পৃথক মামলা দায়ের করে পুলিশ। 

টিপু ও প্রীতি হত্যা মামলায় গত ২৮ মার্চ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন মাসুম মোহাম্মদ ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।