টিপু-প্রীতি হত্যা: ‘অস্ত্র সরবরাহকারী’ জিতু ৩ দিনের রিমান্ডে
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৫) ও সামিয়া আফরান জামাল প্রীতি (২২) হত্যা মামলায় গ্রেপ্তার ইশতিয়াক আহমেদ জিতুকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর জিতুর রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এই মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হলেও গোয়েন্দা সদস্যরা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেননি।
গত ২৪ মার্চ মতিঝিল এজিবি কলোনি এলাকার রেস্তোরাঁ থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন টিপু। গাড়িটি শাহজাহানপুরে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে কলেজছাত্রী প্রীতিও নিহত হন।